তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে আব্দুল কুদ্দুস গাজী (৬০) এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেনের ছেলে। পরে ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, শুক্রবার সকালে কাজ করছিলেন আব্দুল কুদ্দুস। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা মুসল্লিরা তাকে নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়। ইজতেমায় ঢাকার একাংশসহ বাংলাদেশের ৪১ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। পাশাপাশি ৩০টির মতো দেশের হাজারো বিদেশি মেহমানও রয়েছেন।
আগামী ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে। দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ হবে শুরায়ি নেজামের আয়োজন। এরপর আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।