লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন। তিনি আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য।
জানা গেছে, গত বুধবার (২৯ জানুয়ারি) আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক সম্মেলনে আওয়ামী লীগ নেতা শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দীনের পাশের চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে সুমনকে।
এ ছাড়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিএনপির দলীয় সম্মেলনে মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসা আওয়ামী লীগের ওই নেতার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়।
আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, এলাকার স্বার্থে আমরা তখন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। এখন এলাকার উন্নয়নের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে চায়।
এ বিষয়ে কথা বলতে রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দীনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান জানান, আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমনের বাবা ওয়ান ইলেভেনের সময় জেল খেটেছেন। শামীম উপজেলা আওয়ামী লীগের কোন পদে নেই। তাকে ঘিরে একটি শ্রেণি ষড়যন্ত্র করছে।