পিকআপে গরু নিয়ে পালাচ্ছিল তিন চোর, অতঃপর ...

নেত্রকোনায় কৃষকের গরু চুরি করে পিকআপে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া দুটি ষাড় ও পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের মো. আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো. আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো. রফিক (২৭)।

পুলিশ জানায়, মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গরু উদ্ধার ও চোর গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে আটপাড়া উপজেলা থেকে শুক্রবার ভোরে পিকআপ ভর্তি ওই দুটি ষাড় উদ্ধার করা হয়।

উদ্ধার দুটি ষাড়ের মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।