দিনাজপুর মেডিকেল কলেজে আগুন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো ধরনের হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। হাসপাতালের ওয়েল্ডিং মেশিন থেকে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 

হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ওয়ার্ডে থাকা সমস্ত রোগীকে বের করে অন্যত্র সরিয়ে ফেলা হয়। ফলে কোনো ধরনের হতাহত হয়নি। 

রোগীর স্বজনরা জানান, সন্ধ্যার কিছুটা আগে ধোঁয়া দেখতে পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে। পরে হাসপাতাল থেকে বিষয়টি ফায়ার সার্ভিসের জানানো হলে সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উপস্থিত হয়। বড় ধরনের অগ্নিকাণ্ডের না হওয়ায় নিরাপদে রোগীকে নিয়ে তারা সরে যেতে পেরেছেন। 

দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সরকার জানান, সন্ধ্যায় আগুন লাগার বিষয়টি জানার পরপরই ফায়ার সার্ভিসের দুটি পানিবাহীযানসহ তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে। এরপরে হাসপাতালের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। হাসপাতালের চারতলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল এবং বাইরে কিছু পুরনো মালামাল ছিল সেখানে ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এটিএম শামসুজ্জামান বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা জানতে পারি এবং হাসপাতালের স্টাফরা তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এরপরে বিষয়টি ফায়ার সার্ভিসকেও জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পুরোপুরি আগুন নেভায়।