মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা সাড়ে ৩০ হাজার টন চাল নিয়ে দুইটি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম এবং মোংলা বন্দরে। এর মধ্যে মিয়ানমার থেকে ২৩ হাজার টন এবং ভারত থেকে সাড়ে ৭ হাজার টন চাল আমদানি করা হয়েছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আলফা। জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ইমদাদ ইসলাম।
এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা সাড়ে ৮ হাজার এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরও দুটি জাহাজ আগামীকাল শনিবার ও রবিবার মংলা বন্দরে পৌঁছাবে।