চাকরিচ্যুত ১৫২২ জনের আবেদন পর্যালোচনায় পুলিশ সদর দপ্তর

বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন নাকি অন্য কোনো কারণে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ সদর দপ্তর। কয়েক দিন ধরে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন ২ হাজারের বেশি চাকরিচ্যুত পুলিশ সদস্য। রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। এতে বলা হয়েছে, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর গ্রহণ করেছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এও দেখা যাচ্ছে যে তারা ফৌজদারি/আর্থিক/নৈতিক স্খলন/আচরণগত/বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ জনিত অপরাধেও চাকরিচ্যুত হয়েছেন। তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইব্যুনাল/প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইব্যুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সে জন্য পুলিশ সদর দপ্তর আন্তরিকভাবে কাজ করছে।

গত ২৯ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মুখে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের কাছে গিয়ে বিষয়টি ব্যাখ্যা করে বিস্তারিত বলার পরও চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি করেছেন। রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।