এবার তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’

দীপ্ত টিভিতে এবার তুরস্কের বিখ্যাত ধারাবাহিক ‘মুজিজে ডক্টর’, যা ‘গুড ডক্টর’ শিরোনামে প্রচার হবে। চ্যানেলটির পর্দায় শনিবার থেকে দেখা যাবে এটি। প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, আলি বেফা একজন তরুণ ডক্টর যে অটিজমের পাশাপাশি সাভান্ট সিনড্রোমেও আক্রান্ত। ফলে সে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আর অসাধারণ মেমোরির অধিকারী। অন্তর্মুখী স্বভাবের কারণে আলি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। তাই তার শৈশব কেটেছে সহপাঠীদের ঠাট্টা-নিগ্রহ আর সামাজিক উপেক্ষায়। জীবনে তার একমাত্র ভরসাযোগ্য মানুষ ছিল বড় ভাই আহমেত, যে সবসময় তাকে আগলে রাখত। ছোটবেলায় মারা যাওয়া পোষা খরগোশকে সুস্থ করতে পারবে ভেবে তাকে নিয়ে এক ক্লিনিকে গিয়েছিল আলি, সেখানেই পরিচয় ডক্টর আদিলের সঙ্গে যিনি পরে তার আইনি অভিভাবক হয়ে ওঠেন।

একমাত্র ভাই আহমেতের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আলি নিজেকে একজন সার্জন হিসেবে তৈরি করার লক্ষ্য নির্ধারণ করে। শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের শুরু হয় বেরহায়াত হসপিটালে সহযোগী সার্জন হিসেবে যোগদানের মাধ্যমে, কিন্তু সেখানেও শুরু হয় নানা প্রতিকূলতা। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সিনিয়র সার্জন ডক্টর ফেরমান যিনি আলিকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেন না। ক্যারিয়ারে ডক্টর আদিলের পাশাপাশি আলিকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান সহকর্মী ডক্টর নাযলি।