আরও একটি ফাইনালে দক্ষিণ আফ্রিকা

সাম্প্রতিক সময়ে বিশ্বমঞ্চে টি-টোয়েন্টি ফরম্যাটের এক একটি বিশ্বকাপ গড়ালেই তার ফাইনালে জায়গা করে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। এ ধারা শুরু হয় নারীদের ২০২২ বিশ্বকাপ দিয়ে। এরপর ২০২৪ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেন এইডেন মার্করামরা। আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সবার আগে জায়গা করে নেয় প্রোটিয়াদের পুরুষ টেস্ট দল। ২০২২ এর ধারাবাহিকতা রক্ষা করে ২০২৪ আসরেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠেন প্রোটিয়া নারীরা। এবার সিনিয়রদের পদরেখা ধরে মালয়েশিয়ায় নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। মালয়েশিয়ায় দিনের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছেন তারা। টানা দ্বিতীয় ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতও। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছেন দেশটির মেয়েরা। আগামীকাল শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে এ দুদল।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় অজিরা। সেই চাপ ক্রমাগত ধরে রাখেন প্রোটিয়া বোলাররা, বিশেষ করে অ্যাশলে ফন উইক। ১৭ রানে ৪ শিকার তিনি একাই ধরেন। কায়োমহে ব্রে ৪৪ বলে ৩৬ এবং এলা ব্রিসকোয় ১৭ বলে অপরাজিত ২৭ রানে কোনোমতে ১০০ পেরোয় অস্ট্রেলিয়া। ৮ উইকেটে তোলে ১০৫ রান। জবাবে প্রোটিয়া ওপেনার জেমা বোথা ২৪ বলে ৩৭ রানের ঝকমকে ইনিংসে ভিত গড়ে দেন জয়ের। ৫ উইকেট হারালেও পথভ্রষ্ট হননি প্রোটিয়ারা। ১১ বল হাতে রেখে জয় তুলে নিয়ে বোথা বলেন, ‘সেমির আগে যদি নার্ভাস বোধ না করেন তাহলে আপনি মানুষ নন। আমি খুব নার্ভাস ছিলাম। কিন্তু তারপরও ফাইনালে উঠতে পেরে আমরা সবাই খুব আনন্দিত।’ আগামীকাল এই দুই দল মাঠে নামবে শিরোপা লড়াইয়ে।