বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ এর গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচ আজ শনিবার। দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। প্লে-অফের সমীকরণ থেকে বহু আগেই ছিটকে গেছে ঢাকা, খুলনা তাদের হারালেই পৌঁছে যাবে শেষ চারে। ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বরিশালের প্রতিপক্ষ তিনে থাকা চিটাগং কিংস। আজ কিংস যদি বরিশালকে হারিয়ে দেয় তাহলে বন্দরনগরীর দল উঠে আসবে দুইয়ে আর টানা ৮ ম্যাচ জয়ের পর ৪ ম্যাচে হেরে যাওয়া রংপুর নেমে যাবে তিনে। সেক্ষেত্রে তাদের প্রথম কোয়ালিফায়ারের বদলে খেলতে হবে এলিমিনেটরে।
নিজেদের সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে রানরেটটা বাড়িয়ে নিয়েছে খুলনা টাইটানস। ১১ ম্যাচে ৫ জয়ে তাদের ১০ পয়েন্ট, নেট রানরেট ০.০৫০। আজ ঢাকার বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ১২, রান রেটটাও বাড়বে। সেক্ষেত্রে ১২ পয়েন্ট হলেও -১.০৩০ নেট রানরেট নিয়ে অনেক পিছিয়ে থাকা দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চারে উঠে আসতে পারবে খুলনা। আগের ম্যাচে সেঞ্চুরি করা মোহাম্মদ নাঈম জানিয়েছিলেন, এখন থেকে (রংপুরের বিপক্ষে ম্যাচ থেকে) প্রতিটি ম্যাচই তাদের জন্য নকআউট। এখন থেকে টানা ৪ ম্যাচ জিতলে খুলনা হয়ে যেতে পারে বিপিএলের চ্যাম্পিয়নও। টানা ২ ম্যাচের বেশি জেতার রেকর্ড এখন পর্যন্ত অবশ্য এই আসরে খুলনার নেই। তবে আওয়াজ কম করে নিজেদের কাজটা করেই শেষ চারের সম্ভাবনা জিইয়ে রাখা খুলনার জন্য ব্যাপারটা একেবারে অসম্ভবও নয়। অন্যদিকে সব সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর ঢাকা ক্যাপিটালস যেভাবে বরিশালের বিপক্ষে ৭৩ রানে অলআউট হলো, তাতে বলেই দেওয়া যায় নিয়মরক্ষার ম্যাচেও তারা চাইবে কোনো রকমে খেলাটা শেষ করে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে। বরিশাল-চিটাগং ম্যাচটা হতে পারে বেশ কৌতূহলী। প্লে-অফ নিশ্চিত, তাই নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিতেই পারে বরিশাল। বাজিয়ে দেখতে পারে বেঞ্চের শক্তি। তার ওপর আছে মজার এক সমীকরণ। আজ বরিশাল যদি হেরে যায়, তাহলে চিটাগং কিংস উঠে আসবে দুইয়ে আর রংপুর নেমে যাবে তিনে। তখন প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকেই পাবে বরিশাল, এড়াতে পারবে রংপুরকে যে দলের কাছে গ্রুপ পর্বে তারা দুই দেখাতেই হেরেছে। ১১ ম্যাচে ৯ জয়ের বিপরীতে এই মৌসুমে বরিশালের হার মাত্র দুটো, দুবারই তাদের হারিয়েছে রংপুর রাইডার্স। একবার তো শেষ ওভারে ৩০ রান নিয়ে! প্লে-অফে উঠতে পারলে ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, আন্দ্রে রাসেল এরকম টি-টোয়েন্টির বড় তারকা এক বা একাধিক ক্রিকেটারকে দলভুক্ত করতে প্রাথমিক চুক্তি সেরে রেখেছে রংপুর। তাই আজকের ম্যাচটা কৌশলগত কারণে হেরে ফাইনালের আগে ফের চিটাগং কিংসকেই প্রতিপক্ষ হিসেবে পাওয়ার একটা সমীকরণ মেলাতে পারে বরিশাল।
নিজেদের সবশেষ ম্যাচ বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস। তাতে রানরেটটাও হয়েছে স্বাস্থ্যবান। আজ ফরচুন বরিশালকে হারালেই তারা উঠে আসবে দুইয়ে। তখন প্রথম কোয়ালিফায়ারে ফের বরিশালকেই পাবে তারা। এক বা দুইয়ে থেকে শেষ করলে প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয়টিতে জিতে ফিরে আসার একটা সুযোগ থাকে। এই সুযোগটা নিতেই মরিয়া চেষ্টা থাকবে কিংসের। সিলেটের বিপক্ষে দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমদ নিয়েছেন ৪ উইকেট করে। শরিফুল তো হিসেবি বোলিংয়ের অনন্য উদাহরণ গড়েছেন, মাত্র ৫ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। বরিশালের বিপক্ষে আগের দেখায় অবশ্য বড় ব্যবধানেই হেরেছিল কিংস। নিজেরা আগে ব্যাট করে ৮ উইকেটে ১২১ রান করার পর ডাভিড মালানের হাফসেঞ্চুরিতে ১৭ ওভারেই ম্যাচ হেরেছিল কিংস। এবার জিততে হলে এর চেয়ে ভালো কিছুই অন্তত করতে হবে মোহাম্মদ মিঠুনের দলকে।