ভোলা সদর উপজেলার রাজাপুর এলাকার গিয়াসউদ্দিন ও হাসান নামে দুই দস্যুকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে বাংলাদেশ নৌ বাহিনী কন্টিনজেন্ট ভোলা ও র্যাব ৮ এর যৌথ আভিযানিক টিম তাদের আটক করে।
র্যাব ও নৌবাহিনীর পক্ষ থেকে শনিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গিয়াস উদ্দিন ও হাসানের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় এবং সমুদ্রগামী জেলেদের ও জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম করে আসছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক দস্যু মামলা চলমান রয়েছে। গিয়াস ও হাসান অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজাপুরে ৯ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকায় অভিযান চালায় র্যাব ৮ ও বাংলাদেশ নৌ বাহিনীর একটি আভিযানিক টিম।
অভিযানে উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার মালেক বেপারির ছেলে হাসান ও সালে আহম্মেদের ছেলে গিয়াসউদ্দিনের কাছ থেকে একটি দেশীয় পাইপগান একটি দেশীয় পিস্তল, দুইটি তাজা কার্তুজ, দুইটি চাপাতি, একটি ছুরি, ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামসহ ৫টি মোবাইল উদ্ধার করা হয়।
পরে আটকদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।