৬ রান করা কোহলি আর ব্যাটিংয়ের সুযোগ পেলেন না

ফর্মে ফিরতে রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। তবে প্রথম ম্যাচে তার ব্যাটিং অনুশীলনটা ভালো হলো না। প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ৬ রান, আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার প্রয়োজনই হলো না। রেলওয়েজকে ইনিংস এবং ১৯ রানে হারিয়ে দিয়েছে কোহলির দল দিল্লি।

এই ম্যাচটি ঘিরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারি উপচে পড়েছিল। স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়েছেন অনেকে। সবকিছুই ছিল কোহলির ব্যাটিং দেখার জন্য। কিন্তু কোহলি তাদের নিরাশই করেছেন। ১৩ বছর পর রঞ্জি খেলতে নেমে প্রথম ইনিংসে ১৫ বলে করেন ৬ রান। এরপর অখ্যাত এক বোলারের অফ স্টাম্পের বলে দৃষ্টিকটুভাবে বোল্ড হয়ে যান।

আজ কোহলি ব্যাটিং না করলেও মাঠে ঢুকে পড়েছিলেন দর্শকরা। নিরাপত্তা বেষ্টনী টপকে তারা বিরাট কোহলির কাছে পৌঁছানোর চেষ্টা করেন। একসঙ্গে বেশ কিছু দর্শক মাঠে ঢুকে পড়ায় ম্যাচ বন্ধও হয়ে গিয়েছিল। এসময় আরও কয়েকজন দর্শক মাঠে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের পা ধারে টেনে নামান। কোহলিকে নিয়ে দর্শকদের উন্মাদনা সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার ট্রফি খোয়ানোর পর ভারতীয় ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। কোচ গৌতম গম্ভীরের নির্দেশ মেনে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, রিশাভ পান্তের মতো ক্রিকেটাররা। তবে কেউই বলার মতো পারফর্মেন্স করতে পারেননি এখনো।