১২ লাখ রুপি পর্যন্ত আয়কর দিতে হবে না ভারতীয়দের

ভারতে আজ (১ ফেব্রুয়ারি) অষ্টমবারের মতো বাজেট পেশ করা হয়েছে। বাজেটে আয়করে বড় ধরনের ছাড়ের ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন কর কাঠামোতে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো আয়কর।

ঘোষণায় তিনি বলেন, ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে। টিসিএস ও টিডিএস সহজতর করার উপর জোর দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' খবর এনডিটিভি।

বাজেট নথিতে বলা হয়েছে, নতুন কর ব্যবস্থায় ৭ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আগে কর দিতে হয় না। এখন তা বাড়িয়ে ১২ লাখ রুপি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ ১২ লাখ রুপি পর্যন্ত মোট আয় হলে কোনো কর দিতে হবে না। আর বেতনভোগীদের জন্য ৬০ হাজার রুপির বাড়তি ছাড়সহ এই সীমা ১২ লাখ ৭৫ হাজার রুপি পর্যন্ত নির্ধারিত হয়েছে।

মধ্যবিত্ত শ্রেণির ওপর করের বোঝা কমানোর লক্ষ্যে ভারত সরকার নতুন কর কাঠামো চালু করেছে। এতে তাদের হাতে বেশি অর্থ থাকবে, যা পারিবারিক ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে।

নতুন কর কাঠামো অনুযায়ী, শূন্য থেকে ৪ লাখ পর্যন্ত আয়ে কোনো আয়কর নেই। ৪ থেকে ৮ লাখ রুপি পর্যন্ত আয়ে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে ১০ শতাংশ, ১৬ থেকে ২০ লাখ রুপি পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখ রুপি পর্যন্ত আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লাখ রুপির ওপরে আয়ে ৩০ শতাংশ আয়কর দিতে হবে।

এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম।

পাশাপাশি পরির্তন আনা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। সেখানে যুক্ত করা হয়েছে ২৫ শতাংশ আয়করের ‘স্ল্যাব’। এর ফলে মধ্যবিত্তের ওপর থেকে আয়করের বোঝা কিছুটা কমল বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন যে আয়কর কাঠামোর ঘোষণা করা হল, তাতে মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা অনেকটা কমল। তাঁদের হাতে বেশি অর্থ থাকবে। আর তার ফলে ঘরোয়া খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ বাড়বে।’