‘জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ’-এই প্রতিপাদ্য নিয়ে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা’ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এই বইমেলার উদ্বোধন করেন তিনি। এ সময় বিজয়ীদের হাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়র চেতনায় নতুনরূপে আয়োজিত হয়েছে এবারের বইমেলা। একুশ আমাদের মূল সত্ত্বার পরিচয়, একুশে মানে জেগে ওঠা, একুশ আমাদের দৃঢ় বন্ধন। একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। যার উদাহরণ জুলাইয়ের গণঅভ্যুত্থান।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের সাহসী তরুণদের অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। এ বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠর প্রতিজ্ঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, তরুণ লেখকদের জন্য বই পড়া এবং গবেষণার সুযোগ করে দিয়েছে বাংলা একাডেমি। তবে বাংলা একাডেমিকে সর্বাত্মক গবেষণার দিকে নজর দিতে হবে।
পাঠ্যপুস্তক সেন্সর করার কোনও ইচ্ছা সরকারের নেই দাবি করে তিনি আরও বলেন, বই ছাপানোর আগে সরকার পড়ে দেখবে এমন কোনও বক্তব্য কেউ দেয়নি। এই সরকার মতপ্রকাশের অধিকারে বিশ্বাস করে। অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।