উজিরপুরের শিকারপুর খেয়াঘাটের ট্রলারসহ চালক মাহাবুবুল ইসলামকে (৫০) রাতে অপহরণ করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে শিকারপুর সন্ধ্যা নদীতে যাত্রী নামধারী ৫-৬ জন দূর্বৃত্ত বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ার (রাহুৎকাঠী) ঘাট থেকে পারাপার হওয়ার জন্য মাহাবুলের ট্রলারটিতে উঠে নদীর মধ্যে গিয়ে ট্রলার চালক মাহাবুলকে মারধর করে ট্রলারসহ তাকে অপহরণ করে নিয়ে যায়। সন্ধ্যা নদীর মধ্যে মাছ ধরার জেলেরা ডাকচিৎকারের আওয়াজ শুনেছেন। অপহরণের শিকার হওয়া মাহাবুল উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের সেকান্দার আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে শিকারপুর খেয়াঘাটের মাঝি হিসাবে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাকে রাতের আধারে পহরণের ঘটনায় শিকারপুর সন্ধ্যা নদীর দু’পাড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন ঘটনাটি রাতে হওয়ার কারণে তার ডাকচিৎকারের আওয়াজ পেলেও কোনো সাহায্য করা সম্ভব হয়নি।
মাহাবুবুলের স্ত্রী পারুল বেগম সাংবাদিকদের জানিয়েছেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। তিনি জীবিত আবস্থায় তার স্বামীকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দেশ রূপান্তরকে জানিয়েছেন বিষয়টি শুনে রাতেই মাহাবুবুলের সন্ধানের জন্য দুই থানার পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তাকে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
বাবুগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন শনিবার বিকালে রাহুৎকাঠী বাজারের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।