ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে কাল ঢাকা ছাড়বেন মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদানের লক্ষ্যে আগামীকাল রবিবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন দলের জাতীয় স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনিও ওই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন।

এ বছর যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তিন জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসি’তে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যুক্তরাজ্যের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে ‘আগামীকাল (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে যাত্রা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দলের শীর্ষস্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগদান করবেন না । তার পক্ষ থেকে একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।