শাসনের পরিবর্তন হলেও নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি: ফয়জুল করীম

দেশে শাসনের পরিবর্তন হলেও জনগণের নাগরিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি, বরং সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য আগের মতোই চলছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাজ হতে পারে না।

তিনি বলেন, ‘যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানিয়েছে, তারাই অতীতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। শুধু রাষ্ট্র সংস্কার করলে হবে না, বরং রাজনৈতিক দলগুলোর ভেতর থেকেও দুর্নীতিগ্রস্ত এর অপসারণ করতে হবে।’

দেশের ছাত্র ও যুব সমাজ অতীতে রক্ত ঝরিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে। তারাই একদিন ঐক্যবদ্ধভাবে ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করবে। যুবসমাজের ঐক্যবদ্ধ সংগ্রামই পারে দেশকে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য থেকে মুক্ত করতে বলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর।