উন্নত চিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রাখা হয়। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, রাতে পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমেছেন। এ সময় সড়কে কাউকে শুয়ে স্লোগান দিতে দেখা যায়, কাউকে স্ট্রেচারে ভর করে। তারা নানা ধরনের বৈষম্যবিরোধী স্লোগান দেন।
এ সময় ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আস্থা নাই রে আস্থা নাই, দালালিতে আস্থা নাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায় জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের মুখে।
আরও দেখা যায়, সড়কের দুই লেনে অবস্থান নেওয়ায় আগারগাঁওগামী ও আগারগাঁও থেকে শিশুমেলা মোড় পর্যন্ত লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হয়। এতে সামনে পেছনে যানজট সৃষ্টি হয়েছে।
আহতরা বলছেন, আমরা আন্দোলনে আহতরা টাকা-পয়সা কিছুই চাই না, শুধু সুচিকিৎসা, পুনবার্সন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি তাদের ওপর আমাদের আস্থা নেই। উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নেই, যে কারণে আজ আমরা রাস্তায় নেমেছি।