রাজধানীর খালগুলো উদ্ধার করে ‘ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় বর্ষার আগে ১৯টি খালের পানি প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (২ ফেব্রুয়ারি) মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা ৩-৪টি মন্ত্রণালয় বসে কীভাবে বর্ষার আগে খালগুলোতে প্রবাহ ফেরাতে পারি সেই বিষয়ে কাজ করছি। প্রথমে খনন করবো, এরপর ধাপে ধাপে বাকি কাজ এগোবো।’
তিনি বলেন, ‘আশাকরি এই বর্ষার আগে ১৯টি খালের পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারবো। আমরা এই ১৯টি খাল নিয়ে একটি মাস্টারপ্ল্যান করার পরিকল্পনা করছি।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হচ্ছে। খাল খনন কাজ শুরু হবে আগে, এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধার করার সময় অনেক বাধা আসবে। তবে তা সবাইকে মিলে রুখতে হবে।‘
এছাড়া সামনের বর্ষার আগেই ঢাকা শহরের ৬টা খালের খনন কাজ শুরু হবে জানিয়ে সৈয়দা রিজওয়ানা আরও বলেন, ‘আগে সমন্বয়ের অভাব ছিল, তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে টাইম লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি।‘
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘খালের এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। এই মুহূর্তেই এটির সমাধান করা সম্ভব না। আমরা কিছু উদ্যোগ নিয়েছি তার মধ্যে ব্লু নেটওয়ার্ক তৈরি অন্যতম। ব্লু নেটওয়ার্ক চ্যানেল তৈরি করে পার্কের মতো করা। যাতে খাল দূরে সরে না যায়, কাছে আসতে বাধ্য হয়।’
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সকল সমস্যা এতো দ্রুত শেষ করা সম্ভব না, আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি। ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা হবে শহরের জন্য রোল মডেল।