বিপিএলের এবারের আসরে পারফরম্যান্সের চেয়ে বেশি বিতর্কে জড়িয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া, দৈনিক ভাতা প্রদান না করা, এমনকি কিট ব্যাগ ও প্রস্তুতির জন্য জার্সির মতো মৌলিক সুবিধার ক্ষেত্রেও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে।
আজ সকাল থেকে গুঞ্জন ছিল, রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ফ্লাইটের কোনো ব্যবস্থা করা হয়নি। তবে কিছুটা দেরিতে হলেও দুপুরে দলটির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, বিদেশি ক্রিকেটাররা রাতেই ঢাকা ছাড়ছেন।
দলটির পক্ষ থেকে জানানো তথ্যানুযায়ী, রায়ান বার্ল আজ রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজে হারারেতে ফিরবেন। মোহাম্মদ হারিস আগামীকাল দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজে লাহোরের উদ্দেশে রওনা হবেন। প্রধান কোচ আজাজ আহমেদ আগামীকাল ঢাকা ত্যাগ করবেন। মিগুয়েল কামিন্স ৫ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন। অন্যান্য বিদেশি ক্রিকেটারদের ফ্লাইটের টিকিট দ্রুত নিশ্চিত করা হবে।
মিডিয়া বিভাগের সূত্রে আরও জানা গেছে, বিদেশি ক্রিকেটাররা তাদের এজেন্টের মাধ্যমে পাওনা অর্থ বুঝে পাবেন। রাজশাহীর পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা বিদেশি ক্রিকেটারদের দেশ ছাড়ার টিকিট দিয়েছি। পারিশ্রমিক ও দৈনিক ভাতা বকেয়ার বিষয়টি দ্রুত সমাধান করা হবে।'
এত কিছুর পরও, বিপিএল দল পরিচালনায় দুর্বার রাজশাহীর অব্যবস্থাপনা ও আর্থিক জটিলতা নিয়ে আলোচনা চলছেই। আসর শেষ হলেও বিতর্ক যে এত সহজে শেষ হবে না, তা বলাই যায়!