অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করা কোনও স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের বইমেলার স্টল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এটা জনগণ কখনওই অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে তাদের কাছে এটা কখনওই গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি। কিন্তু সংস্কারের কথা আপনারা বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গরিমসি করা আমার কাছে মনে হয় এটাও কোনও স্বাভাবিক বিষয় নয়। জনগণকে অবশ্যই জানাতে হবে তার নির্বাচন কবে হবে।
রিজভী বলেন, অনেকেই বলেছেন যে নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে। মানুষ ১৬-১৭ বছর ভোট দিতে পারেনি। ১৭ বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী তার সরকার পরিবর্তন করতে পারেনি। সুতরাং অবাধ-সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকারকে হরণ করা হয়েছিল এটা পুনঃপ্রতিষ্ঠিত করা অন্যতম গণতন্ত্রের শর্ত।
বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে আমরা যতটুকুই স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, যতটুকুই আলো বাতাস পাচ্ছি, এটির পরিধি আরও বিস্তর করতে হবে। সামনে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে হবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনও পাইনি। মানুষ তার মালিকানা এখনও ফিরে পায়নি, অর্থাৎ জনগণ যে তার সরকার গঠন করবে তার যে ক্ষমতা সেই ক্ষমতা এখনও নিশ্চিত হয়নি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ জিয়া স্মৃতি পাঠাগার এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।