বাড্ডায় ফার্নিচার কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার একটি ফার্নিচার কারখানা থেকে সজিব মোল্লা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই করখানার মিস্ত্রি ছিলেন।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড্ডা সাতারকুল পশ্চিম পদরদিয়া মসজিদ গলিতে সততা ফার্নিচার কারখানার দুইতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মওলা জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই ফার্নিচার কারখানার দরজা ভেঙে দেখা যায়, ওই কর্মচারী ফ্যানের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ফোন উদ্ধার করা হয়েছে। সেখানে ভিডিও কল চালু ছিল। ধারণা করা হচ্ছে, কোনও মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ওই মেয়েকে ভিডিও কলে রেখে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কারখানার মালিক মো. রাজিব মোল্লা জানান, সজিবের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিমুলতলা মোল্লাবাড়ি এলাকায়। তার বাবার নাম ফারুক মোল্লা। পাঁচ বছর যাবৎ তিনি তার কাজ করে আসছিল। আরেক কর্মচারীর সঙ্গে কারখানার দুই তলায় থাকতেন তিনি। সেদিন সন্ধ্যার দিকে সিফাত নামের ওই ছেলেটি রুম থেকে বাইরে যায়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কারখানায় এসে সজিবকে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে প্রথমে ঘটনাটি জানায়।