লক্ষ্মীপুর

আ. লীগের লিফলেট বিতরণ, যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা

লক্ষ্মীপুরে আদালত এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যরা জয়বাংলা স্লোগান দিয়ে লিফলেট বিতরণ করার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা পরান চৌধুরী নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচে এই ঘটনা ঘটে।

পুলিশ ও আইনজীবীরা জানায়, বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে হাজির করা হয়। এ ছাড়া অন্য কয়েকজন জামিনে থাকা আসামিও আদালতে হাজির দিতে আসেন। পরে হাজিরা দিয়ে বের হন আসামিরা। এ সময় গ্রেপ্তার ও জামিনে থাকা আসামিরা আদালত পাড়ায় জয় বাংলা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে জামিনে থাকা আসামি সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহল আমিনের নেতৃত্বে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা লিফলেট বিতরণ করার চেষ্টা চালায়। এ সময় আদালতে থাকায় উত্তেজিত জনতা তাদের ওপর হামলা ও ধাওয়া করে। এতে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এরপর আদালত পাড়ায় লক্ষ্মীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ল ইয়ার্স কাউন্সিলের আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিউকিউটর মো. আহমেদ ফেরদৌস মানিক ও অ্যাডভোকেট মহসিন কবির মুরাদসহ অনেকেই।

এ সময় বক্তারা বলেন, খুনি হাসিনার দোসরাও এখনো বিভিন্নভাবে চক্রান্ত করছে। আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে লিফলেট বিতরণ করার সাহস পায় কীভাবে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। বলেন, অনতিবিলম্ভে জড়িতদের চিহিৃত করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসুচি পালন করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, আদালত প্রাঙ্গণে গণধোলাই দিয়ে পরান চৌধুরী নামে একজনকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।