যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল-খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এ উদ্দেশ্যে গতকাল রবিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

একই অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আলোচনার কোনো বিষয় না। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমরা আমন্ত্রিত হয়েছি। আমরা সবাই যাচ্ছি। আলোচনা হবে।’

আমীর খসরু বলেন, ‘লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান যেতে পারছেন না, উনার প্রতিনিধিত্ব করবেন জাইমা রহমান।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ হবে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতাদের অংশগ্রহণের কথা রয়েছে।

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।