লিবিয়ায় মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন : রাষ্ট্রদূত

লিবিয়া থেকে ইতালিতে লোক পাঠানোর পেছনে যে মাফিয়া-দালাল চক্র রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। গতকাল রবিবার এক ভিডিও বার্তায় তিনি এ দাবি জানান।

রাষ্ট্রদূত বলেন, গত ২৫ জানুয়ারি রাতে লিবিয়া উপকূল থেকে একটি নৌকা ৫৬ যাত্রী নিয়ে ইতালির উদ্দেশে রওনা দেয়। খুব সম্ভবত ওইদিন রাতেই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি উপকূলে লাশ ভেসে আসতে থাকে। ২৮ তারিখ ৭, ২৯ তারিখ ১১, ৩০ তারিখ ৩, ৩১ তারিখ ৩Ñ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো আজদাদিয়ায় সমাহিত করা হয়েছে। কেননা লাশগুলো পচে গিয়েছিল, এগুলো রাখার কোনো উপায় ছিল না। লাশ উদ্ধার ও দাফনের সঙ্গে যারা জড়িত ছিল তারা রেড ক্রিসেন্ট ও স্থানীয় কর্র্তৃপক্ষ। তারা আমাদের জানিয়েছে, লাশগুলোর অবয়ব দেখে তাদের মনে হয়েছে সেগুলো বাংলাদেশি নাগরিকের।