সোমালিয়ায় আইএস আস্তানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আস্তানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ হামলার খবর দিয়ে বলেছেন, তার নির্দেশেই শনিবার আইএসের এক ঊর্ধ্বতন ‘আক্রমণ পরিকল্পনাকারী’সহ একাধিক সদস্যের ওপর এ হামলা হয়েছে।

এদিকে সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দেশের উত্তরে আইএস নেতাদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলার বিষয়টি তারা আগে থেকেই অবগত ছিলেন। তবে হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, এই খুনিরা, যাদের আমরা গুহায় লুকিয়ে থাকতে দেখি, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের হুমকি দিয়েছে। হামলায় তাদের গুহা ধ্বংস হয়েছে, যেখানে তারা থাকত এবং অনেক সন্ত্রাসীও মরেছে। অবশ্য বেসামরিকদের কোনো ক্ষতি হয়নি। তবে আইএসের কোন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর হামলা হয়েছে, পোস্টে তার নাম বলেননি ট্রাম্প।