বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এবার উন্নয়ন বাজেটে (এডিপি) সংশোধনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশীয় অর্থায়নের চেয়ে বৈদেশিক অর্থায়ন বেশি হবে। যেমন বৈদেশিক ঋণ হবে উন্নয়ন বাজেটের প্রায় ৬০ ভাগ আর দেশীয় অর্থায়ন হবে ৪০ ভাগ। রাজস্ব আয় না বাড়ার কারণে এ উদ্যোগ আছে। তবে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
গতকাল রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, চীনা প্রকল্পের ঠিকাদাররা রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। আমরা সে অবস্থার পরিবর্তনে কাজ করছি।
ড. ওয়াহিদউদ্দিন মহামুদ বলেন, মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ প্রকল্পের চীনের অর্থায়ন আছে। আমরা খতিয়ে দেখেছি এ ঋণের ক্ষেত্রে কোনো দুর্বলতা বা ঠিকাদার নিয়োগে অনিয়ম হয়েছে কি না, সেটি হয়নি। গুরুত্ব বিবেচনা করে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প আমাদের সরকারের নয়, গত সরকারের ছিল। তিনি আরও বলেন, বিদেশি ঋণ বেশি নিলেও সেটি যেন উৎপাদনশীল কাজে লাগানো যায়। বিদেশি ঋণ নিয়ে রপ্তানিমুখী খাতে ব্যয় করা হবে।
তিনি বলেন, চলমান প্রকল্প চলছেই। সেগুলো তো মাঝপথে বন্ধ করা যাবে না। তবে অবকাঠামো অংশ বাদ দিয়ে মানবসম্পদ উন্নয়ন খাতে ব্যয় করা হবে।