৩০ ডিসেম্বর যে মহারণের শুভ সূচনা হয়েছিল, চলতি পথে নানান চড়াই-উতরাই, বিদ্রুপ, সমালোচনা আর নতুন নতুন কীর্তির জন্ম ঘটিয়ে শেষ অঙ্কে এসে হাজির হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। আজ বিপিএল পেয়ে যাবে এবারের মৌসুমের প্রথম ফাইনালিস্টকে। যে আসনটির জন্য একদিনের বিরতিতে ফের মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। তার আগে দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠার লড়াইয়ে নামবে শেষ চার ম্যাচের ছন্দপতনে সিংহাসন হারানো রংপুর রাইডার্স এবং লিগ পর্বের শেষ ম্যাচ জিতে সেরা চারে নাম লেখানো খুলনা টাইগার্স।
এবারের বিপিএলে নামার আগে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে করা গ্লোবাল সুপার লিগ প্রতিযোগিতায় অংশ নেয় রংপুর। অ্যান্টিগার সেই টুর্নামেন্টে শুরুটা মন্দ হলেও শেষের দিকে জ্বলে উঠে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরে ফ্র্যাঞ্চাইজিটি। বৈশ্বিক একটি টুর্নামেন্ট জিতে আসার আমেজটুকু বিপিএলেও ধরে রাখে রংপুর। একটি-দুটি করে প্রথম আট ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলের অন্য সবার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সেই রংপুরকে চট্টগ্রাম পর্বে মাটিতে টেনে নামায় আসর জুড়ে সমালোচিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। চট্টগ্রামের পর ঢাকায় ফিরে ফের রাজশাহীর কাছে হার মানতে হয় সোহানদের। এরপর শেষ দুই ম্যাচ হেরে গিয়ে নেট রান রেটের মারপ্যাঁচে টেবিলের শীর্ষস্থান থেকে তিনে নেমে আসতে হয় রংপুরকে। যে রংপুরকে হারানো অসম্ভব মনে হচ্ছিল একটা সময় এখন তারাই রয়েছে ‘ডু অর ডাই’ পরিস্থিতির মুখে। ফাইনাল খেলতে হলে আজ খুলনাকে হারাতে হবে, এরপর জিততে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। গতকাল নিজেদের মাঠ বসুন্ধরা অ্যারেনায় এসে এ কথাই বলেছেন দলটির অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, ‘এখানে (সেরা দুইয়ে) থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি। টপ টুতে থাকলে সুযোগ দুইটা থাকে। এখন পুরো নকআউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।’ চ্যালেঞ্জটি কঠিন হলেও দলের সামর্থ্যরে ওপর পুরো বিশ্বাস আছে মেহেদির, ‘বিশ্বাস তো সব সময় আছে। প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে। কিন্তু সব সময় দিন এক রকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি কিন্তু এখনো আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয় দলে যারা আছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। কারণ এ সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা চারটা হেরেছি, তাহলে এখান থেকে বের হতে পারব না।’ হারতে হারতে ক্লান্ত হয়ে গেছেন রংপুরের হাই প্রোফাইল কোচ মিকি আর্থার। এলিমিনেটরের আগে অনুশীলনে দলের লক্ষ্য কী জানতে চাইলে মিকি বলেন, ‘আজকের (কাল) অনুশীলনে একটাই লক্ষ্য, শুধু জেতা আর জেতা, অন্য কিছু নয়।’ গত দুই আসর ধরে সেরা চারে থাকলেও প্লে-অফ পর্ব উতরাতে পারেনি রংপুর। এবার সেই আক্ষেপ মেটাতে চান মেহেদিরা।
তবে ছেড়ে কথা বলবেন না খুলনা টাইগার্সের ক্রিকেটাররা। প্রথম এলিমিনেটরের লড়াইয়ে খুলনাকে আরও তাতিয়ে দেবে সবশেষ দেখায় রংপুরকে ৪৬ রানের বড় ব্যবধানে হারানোর অভিজ্ঞতা। লিগের প্রথম ম্যাচেও খুলনা প্রায় জেতা ম্যাচটি হেরেছিল ৮ রানে। খুলনার ব্যাটিংয়ের বড় ভরসার জায়গা নাইম শেখ। ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তিনিই খুলনাকে এনে দিয়েছিলেন বড় রানের পুঁজি। সেরা চার নিশ্চিত করা লিগের শেষ ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও রয়েছেন ফর্মে। দুই বিদেশি অ্যালেক্স রস ও উইলিয়াম বোসিসটোরা দলের সঙ্গে মানিয়ে নিয়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন। ২০১৯-২০ আসরের রানার্স আপ হওয়া খুলনা গত দুই বছর প্লে-অফ খেলতে পারেনি। এবারে পাওয়া সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইবেন না তারা।
দুপুরের লড়াইয়ে বিদায়ের করুণ সুরের বদলে থাকে উল্লাসধ্বনি। কেননা জিতলে পরেই ফাইনাল, হারলে আবার চেষ্টা করার সুযোগ। লিগের শেষ ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের মুখোমুখি হবে বরিশাল ও চিটাগং। শেষ ম্যাচে চিটাগং ২৪ রানে জিতলেও লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে চিটাগংকে ৬ উইকেটে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে ফিফটি করেছিলেন ডাভিড মালান। মালান ফিফটি করেন শেষ ম্যাচেও। প্রতিপক্ষ হিসেবে চিটাগংকে তাই একটু বেশিই পছন্দ এ ইংলিশ সাবেক নাম্বার ওয়ান টি-টোয়েন্টি ব্যাটারের। তবে চিটাগং হেড কোচ শন টেইট পরিকল্পনাকারী হিসেবে এবার ভালো সফলতা দেখিয়েছেন। আসরের শুরুতে তিন মহাতারকাকে না পাওয়ার ক্ষত সময়ের সঙ্গে পুষিয়ে নিয়ে দলকে সেরা দুইয়ে তুলেছেন। এবার আরেকটি ম্যাচ জিতে ফাইনালে উঠতে চাইবেন তিনি।