সুচিকিৎসা, ক্ষতিপূরণ, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল রাতে নিরাপত্তা ব্যারিকেট ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। দেড় ঘণ্টারও বেশি সময় অবস্থানের পর দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে গেছেন তারা।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে যমুনার সামনে থেকে ফিরে যান তারা।
এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাত ১২টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নিয়েছিলেন জুলাই আন্দোলনে আহতরা। যমুনায় অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আহতরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রাত পৌনে দুইটার দিকে যমুনার সামনে হাসনাত আবদুল্লাহ জানান, আহতদের দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন। আহতদের দাবিগুলো অন্য কোনো সরকার নয়, একমাত্র অন্তর্বর্তী সরকারই পূরণ করবে।
তার এমন আশ্বাসের পর আন্দোলনরত আহতরা যমুনার সামনের সড়ক ছেড়ে যান।
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দাবিতে শনিবার রাত থেকেই বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা।