অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে লোনে নিয়ে আসার চুক্তি সম্পন্ন করেছে। ২৭ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড মৌসুমের শেষ পর্যন্ত লোন ডিলে ভিলায় যোগ দিয়েছেন, যেখানে স্থায়ীভাবে কিনে নেওয়ার অপশনও রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড সূত্রে জানা গেছে, এই চুক্তির অধীনে রাশফোর্ডের বেতনের অন্তত ৭৫% অ্যাস্টন ভিলা বহন করবে, তবে কোনো লোন ফি দিতে হবে না তাদের।
২০১৫ বছর অভিষেকর পর টানা ১০ বছর ম্যানইয়ে ২৮৭ ম্যাচ খেলেছেন রাশাফোর্ড। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, "আমি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাই এই লোন ডিলটি সম্ভব করার জন্য। আমার কাছে কয়েকটি ক্লাবের প্রস্তাব ছিল, কিন্তু অ্যাস্টন ভিলাকে বেছে নেওয়া আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল। এই মৌসুমে ভিলার খেলার ধরন এবং ম্যানেজারের উচ্চাকাঙ্ক্ষা আমাকে আকর্ষণ করেছে। আমি শুধু ফুটবল খেলতে চাই এবং নতুন করে শুরু করতে উৎসাহিত। ম্যানচেস্টার ইউনাইটেডের সবার জন্য মৌসুমের বাকি সময় শুভকামনা।"
গত ডিসেম্বরে ম্যানচেস্টার ডার্বিতে বাদ পড়ার পর রাশফোর্ড বলেছিলেন, তিনি "একটি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত"। এই ইংল্যান্ড আন্তর্জাতিক ফরোয়ার্ডের আগমনে অ্যাস্টন ভিলার আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, অ্যাস্টন ভিলা প্যারিস সেন্ট-জার্মেইনের স্প্যানিশ মিডফিল্ডার মার্কো আসেনসিওকেও লোনে নিয়ে আসার কাছাকাছি পৌঁছেছে। শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-০ গোলে হারের পর ভিলার ম্যানেজার উনাই এমেরি বলেছিলেন, ক্লাবটির "নতুন খেলোয়াড় প্রয়োজন"।