ময়মনসিংহ

সরিষা ক্ষেতে পুঁতে রেখেছিল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

ময়মনসিংহের মুক্তাগাছায় মাটি খুড়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষার্থীর নাম মো. রিফাত (১২)। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের নরকোনা মধ্যপাড়া গ্রামের এক সরিষা ক্ষেতের মাঝখান থেকে মাটি খুড়ে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মো. মিরাজ (১৭) নামে একজনকে আটক করেছে।
 
নিহত স্কুল ছাত্র রিফাত উপজেলার কাতলসা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। সে শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

জানা যায়, সংসারে অভাবের থাকায় লেখাপড়ার পাশাপাশি মাঝে মাঝে রিফাত ভাড়ায় অটোভ্যান চালাতো। ৯ দিন আগে ভাড়া অটো নিয়ে বের হয়। এরপর থেকে ভ্যানসহ নিখোঁজ হয় রিফাত। তখন থেকেই তার পরিবার খোঁজাখোঁজি করতে থাকে। এই ঘটনায় গত ২৯ জানুয়ারি মুক্তাগাছা থানায় অভিযোগ করে নিহত রিফাতের বড় ভাই আরিফ হোসেন।
 
পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অনুসন্ধান শুরু করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় রবিবার দিবাগত রাত  তিনটার দিকে উপজেলার জয়রামপুর এলাকার মিরাজ নামে একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুসারে নরকোনা গ্রামের সরিষা ক্ষেতের মাঝখান থেকে মাটি খুড়ে রিফাতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, উক্ত ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।