ভারতের কাছে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বাংলাদেশের সঙ্গে ম্যাচের মতোই

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে জানিয়েছেন যে, আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-তে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিকে আলাদা করে দেখার কিছু নেই। তার মতে, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ এবং ভারতের মূল লক্ষ্য তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে ম্যাচ দিয়ে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে ভারত। তিন দিন পর পাকিস্তানের সঙ্গে তাদের হাই-ভোল্টেজ ম্যাচ। তবে গম্ভীর মনে করেন, এটি শুধুই আরেকটি ম্যাচ এবং শিরোপা জিততে হলে পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলতে হবে।

শনিবার মুম্বাইয়ে বার্ষিক বিসিসিআই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গৌতম গম্ভীর বলেন, ‘আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে একটি নির্দিষ্ট ম্যাচ জেতার জন্য যাচ্ছি না, আমাদের লক্ষ্য পুরো ট্রফি জেতা। কিন্তু হ্যাঁ, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিও অন্য যে কোনও ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র ৮টি দল অংশ নিয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড রয়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। যেখান থেকে শুধুমাত্র শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠতে পারবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়ানডে বিশ্বকাপের মধ্যে পার্থক্য নিয়ে তুলনা করেছেন গম্ভীর। তিনি বলেন, ‘বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক কঠিন, কারণ এখানে প্রতিটি ম্যাচই নকআউটের মতো। একটিও ম্যাচ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’ 

গম্ভীর বিশেষভাবে আশাবাদী রোহিত-কোহলির ওপর, কারণ তারা ২০১৩ সালে ভারতের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম সদস্য ছিলেন। গম্ভীর বলেন, ‘রোহিত ও কোহলি দলের জন্য অমূল্য সম্পদ। তারা অভিজ্ঞ এবং এখনও দেশকে জেতানোর জন্য ক্ষুধার্ত। তারা এবারও বড় ভূমিকা পালন করবে।’