সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হরিণচড়া বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে সেলিম রেজা (৪৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সেলিম রেজা উল্লাপাড়া উপজেলার দাদপুর বালশাবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রত্না পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস হরিণচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরে উল্টে পড়ে যায়। এ সময় সেলিম রেজা বাসের নিচে চাপা পড়ে মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়ক থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।