বাংলাবান্ধা স্থলবন্দর

ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল

চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা হয়ে ভারত থেকে আমদানি হয়েছে ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল। শেখ ট্রেডার্স নামের একটি আমদানিককারক প্রতিষ্ঠান এসব চাল আমদানি করেছে। সোমবার (৩  ফেব্রুয়ারি) দুপুরে স্থলবন্দরের ইয়ার্ডে চালগুলো আনলোড করা হয়।

দুপুরে চাল আমদানির তথ্যটি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি বলেন, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ মেট্রিক টন করে চারটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে। এ চালগুলো আমদানি করেছে শেখ ট্রেডার্স।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল এসেছে। বন্দরে আসার পর এগুলো পরীক্ষা করা হয়েছে। এভাবে নিয়মিত চালসহ অন্য খাদ্যসামগ্রী আমদানি করা হলে আমাদের দেশে ভোগ্যপণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

এর আগে চলতি সালের গত ১২ জানুয়ারি, ২০২৪ সালের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর দুই দফায় স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে আতপ চাল আমদানি হয়েছে। বন্দরটি দিয়ে পাথর ছাড়াও চালসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাবান্ধা দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে চাল আমদানি হচ্ছে। এ পোর্ট দিয়ে যাতে আরও কিছু আমদানি করা যায় সে বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি।