ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে নিজেদের মাঠ এমিরেটসে আর্সেনাল ৫-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। ম্যাচে আর্সেনালের হয়ে গোল করেন পাঁচ জন। সিটির হয়ে এক গোল শোধ দেন আর্লিং হালান্ড।
প্রায় ১৭ বছরের মধ্যে এই প্রথম ইপিএলে কোনো অ্যাওয়ে ম্যাচে ৫ গোল হজম করল ম্যানসিটি। এর আগে সবশেষ ২০০৮ সালের মে মাসে, মিডলসবরোর বিপক্ষে সিটি হেরেছিল ৮-১ গোলে।
দারুণ জয়ের পর ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। অবশ্য আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্টে শীর্ষে লিভারপুল। তবে বর্তমান চ্যাম্পিয়ন সিটিকে হারানোর পর শীর্ষে থাকা লিভারপুলকে পেছনে ফেলে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী আর্সেনাল মিডফিল্ডার ডেক্লান রাইস।
রাইস বলেন, 'লিভারপুল আমাদের চেয়ে এখনও অনেক এগিয়ে, তাদের হাতে একটি ম্যাচ বেশি আছে। আগের দিন তারা জেতায় আমরা জানতাম যে এই ম্যাচ আমাদের জিততেই হবে। ভিলার বিপক্ষে লড়াইয়ের মতো ম্যাচগুলো বেশি হতাশার, যেখানে আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম এবং সেখান থেকে পয়েন্ট হারাই (২-২ ড্র হয়), কারণ ম্যাচটি জিতে আমরা লিভারপুলের আরেকটু কাছে যেতে পারতাম। তবে আমরা লড়াই চালিয়ে যাব। অন্যদের সাহায্যও আমাদের প্রয়োজন, কিন্তু আমরা জানি আমাদের লক্ষ্য কী। সেটা হলো, তাদের পেছনে ফেলে লিগ শিরোপা জয় করা।'