একই দিনে দুই দেশের দুই লিগ খেলা, তার সঙ্গে দুই ম্যাচেই ব্যাটে ঝড় তুলে নজর কেড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকা। রবিবার এ কাণ্ড ঘটান তিনি। এর আগে আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফর গত ১ ডিসেম্বর শারজা ও আবুধাবিতে একই দিনে দুটি আলাদা টুর্নামেন্টে খেলেছিলেন।
শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেট মেজর লিগ টুর্নামেন্টে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে খেলতে নেমে সেঞ্চুরি করেন শানাক । শেষ দিন হওয়ায় ম্যাচ সমাপ্ত হলেই শানাকা উড়াল দেন আমিরাতের উদ্দেশে। সাড়ে চার ঘন্টার বিমানযাত্রা শেষে আমিরাতে পৌঁছে খেলতে নামেন আইএলটি২০তে। সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেন ১২ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস।
মুরসের বিপক্ষে সিংহলিজের হয়ে ৩৯ রানে অপরাজিত থেকে শেষ দিনে ব্যাটিংয়ে নামেন শানাকা। এর পর ১০ চার ও ৮ ছক্কায় ৮৭ বলে ১২৩ রানের ইনিংস খেলেন ৭ নম্বরে নামা শানাকা। এই ঝড়ো ইনিংসে প্রস্তুতি শানাকা যেন প্রস্তুতি সেড়ে নিয়েছিলেন আইএলটি২০ খেলার। উইজডেনের প্রতিবেদন অনুযায়ী নিজের ব্যাটিং শেষ করেই শানাকা রওনা হন দুবাইয়ের উদ্দেশে। সন্ধ্যায় সেখানে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৪ চার ও ২ ছক্কায় ১২ বলে ৩৪ রান করেন।
সিংহলিজ ম্যাচটি ড্র করে এবং লিগে রেলিগেশন থেকে রক্ষা পায়। আর দুবাই ক্যাপিটালস ম্যাচ জেতে ২৬ রানের ব্যবধানে। ডেভিও ওয়ার্নারের ৯৩ রানের পর শানাকা ঝড়ে ২১৮ রানের লক্ষ্য দিয়েছিল দুবাই। জবাবে আবুধাবির ইনিংস থামে ১৯১ রানে। এ জয়ে প্লে অফ নিশ্চিত হয় দুবাইয়ের।