এবারের বিপিএর রংপুরের ছিল দুটি চেহারা। প্রথমটি টানা আট ম্যাচ জেতার প্রতাপসম্পন্ন আর দ্বিতীয়টি টানা চার ম্যাচ হারা বিষাদমাখা। তবে এলিমিনেটরের রংপুর একাদশে আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডদের মতো তারকা মুখ দেখার পর একটু ভয় পাওয়ারই কথা। সেই তাদেরকে রীতিমতো উড়িয়ে দিয়ে দ্বিথীয় কোয়ালিফায়ারে উঠেছে খুলনার।
খুলনার এ জয়ের অন্যতম কারিগর নাসুম আহমেদ। শুরুতে তার স্পিন বিষেই জার্সির পাশাপাশি রংপুর ব্যাটারদের চেহারাও নীল হয়ে ওঠে। ১৬ রান দিয়ে ৩ শিকার ধরা ম্যাচসেরা নাসুম সংবাদ সম্মেলনে এসে জানালেন, আর কাউকেই ভয় পান না তারা।
নাসুম বলেন, ‘দুই ম্যাচ আগে থেকেই নক আউট খেলছি। সব দলই চায় সেমি ও ফাইনাল খেলতে। আমাদের প্রথম লক্ষ্য ছিল সেরা চার। আজকে প্রথম ম্যাচ জিতেছি। পরের ম্যাচও জেতার চেষ্টা করব। এই বিশ্বাসটা নিয়েই আমরা গত তিন মাস খেলে যাচ্ছি।’
দলের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে তিনি বলেন, ‘আমাদের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে ব্যাটাররা খুবই ভালো ব্যাটিং করছে। বেঞ্চের সবাইও বেশ সামর্থ্যবান। টিম কম্বিনেশনের জন্য খেলাতে পারছি না। আমাদের টিম বন্ডিং খুব ভালো। খেলি না খেলি সবাই এক আছি আরকি।’
দ্বিতীয় কোয়ালিফায়ারে কোন দলকে পেতে চান জানতে চাইলে নাসুম উত্তর দেন, ‘যেই আসুক, টি-টোয়েন্টিতে সবাই সমান।’