যশোরের ঝিকরগাছায় এক নারীর মাথার চুল কেটে ও মুখে কালি মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- ঝিকরগাছার বেনেয়ালি গ্রামের কলাবাগান পাড়ার আবদুল হামিদের ছেলে শিমুল হোসেন, পদ্মপুকুর গ্রামের ইব্রাহীম খলিলের স্ত্রী শারমিন আক্তার রুমি, বেনেয়ালি গ্রামের মফিজুর ড্রাইভারের স্ত্রী রনি বেগম ও পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের স্ত্রী রহিমা।
ভুক্তভোগীর অভিযোগ, রবিবার বিকেলে বেনেয়ালি গ্রামে আমার ছেলের সাবেক স্ত্রীকে দেখতে যাই। এ সময় তার নতুন স্বামী শিমুল হোসেন ও তার স্বজনরা মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেয়। এ সময় তারা মারধর করে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, ভুক্তভোগী নারী তার ছেলের তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে দেখা করতে নতুন স্বামীর বাড়ি গিয়েছিলেন। এসময় তার ছেলের সাবেক স্ত্রীর বর্তমান স্বামীসহ ওই বাড়ির লোকেরা মারধর করে ও মাথার চুল কেটে দেয়। এ ঘটনায় রবিবার দিবাগত রাতে ভুক্তভোগী নারী ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে।