চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে ১৬ সম্পাদকীয় পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টিতেই একক প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দু’টি পদে দুইজন করে প্রার্থী এবং নির্বাহী সদস্যের ২৫ পদে ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) মনোনয়ন পত্র জমার শেষ দিনে এসব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময়সীমা নির্ধারিত ছিল। এর মধ্যে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি (২টি পদ), সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সহ সাধারণ সম্পাদক (২টি পদ), সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, সহ-অর্থ সম্পাদক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও বন্দর বিষয়ক সম্পাদক পদে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আইন বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে দুইজন করে প্রার্থী মনোনয়নপত্র জামা করেছেন। নির্বাহী সদস্যের ২৫টি পদে মোট ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সহকারী নির্বাচন কমিশনার জামাল হোসেন দেশ রূপান্তরকে জানান, ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ৬ ফেব্রুয়ারি আপত্তি গ্রহণ, ৮ ফেব্রুয়ারি ৮ ফেব্রুয়ারি আপত্তি শুনানি ও নিষ্পত্তি, ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের তারিখ নির্ধারিত রয়েছে। ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ রয়েছে।