তিতুমীর কলেজের আন্দোলনকারীরা মহাখালীতে রেলপথ অবরোধ করে রাখায় বিকেলে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ রাত সাড়ে ৯টা পর্যন্ত সচল হয়নি। ফলে দেশজুড়ে তীব্র ভোগান্তিতে পড়েছে রেলযাত্রীরা।
রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানিয়েছেন ‘রেলপথ ক্লিয়ার না হওয়ার কারণে’ ট্রেন চলাচল এখনো শুরু করা যায়নি।
ওদিকে ঢাকার কমলাপুরে রাত সাড়ে ৯টার দিকে স্টেশন ম্যানেজারকে ঘিরে ধরে টিকিটের টাকা ফেরত চাইতে দেখা গেছে যাত্রীদের। এ সময় বেশ কিছুক্ষণ যাত্রীরা স্টেশন ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখে।
মহিউদ্দিন আরিফ অবশ্য বলেছেন ট্রেন না চললে যাত্রীদের টাকা ফেরত দেয়া হয়। তিনি বলেন, আজও অনেকে ফেরত নিয়েছেন। বাকিরাও পাবেন। খবর বিবিসি বাংলার।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল ৪টার দিক থেকে মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কমলাপুর স্টেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঢাকার উত্তরা ও বনানীর কাছে তিনটি করে মোট ৬টি ট্রেন আটকা পড়ে আছে। শিডিউল বিপর্যয় ঘটেছে অন্তত ২০টি ট্রেনের।
অন্যদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়ে অন্তত ২০টি ট্রেন যাত্রা পথের বিভিন্ন জায়গার স্টেশনগুলোতে অবস্থান করছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা ধরে রাস্তায় আটকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।