বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে গতকাল সোমবার থেকে। আগামীকাল বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের দুই ধাপের ইজতেমার সমাপ্তি হবে। গত ৩১ জানুয়ারি শুরু হওয়া প্রথম ধাপের ইজতেমা শেষ হয়েছে। গত রবিবার রাতের মধ্যেই ওই ধাপে অংশগ্রহণকারী মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করেছেন।
দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয় গতকাল সকাল থেকেই। সকাল ১০টা থেকে নজমের জামাতের সাথীদের সঙ্গে বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। বাদ জোহর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউর হক। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মওলানা নুরুর রহমান। বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট।
দ্বিতীয় ধাপের তিন দিনের বিশ্ব ইজতেমায় ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবান জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। তারা ইজতেমা ময়দানে ৪০টি খিত্তায় অবস্থান নিয়েছেন। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ ঘণ্টায় ইজতেমার ময়লা পরিষ্কার করল গাজীপুর সিটি করপোরেশন : গত রবিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের ইজতেমা শেষ হওয়ার পর মুসল্লিদের ফেলে দেওয়া বর্জ্য ও আবর্জনা পরিষ্কার করতে নামে গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী ও ইজতেমার সাফাই জামাতের মুসল্লিরা।
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন জানান, প্রথম পর্বের মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর রবিবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী একযোগে বিশ্ব ইজতেমা ময়দানে প্রবেশ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এ পরিচ্ছন্নতার কাজে পাঁচটি এক্সকাভেটর, তিনটি পে-লোডার ও ৩০টি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়।