কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শরীয়তপুরের জাজিরায় ব্যক্তি মালিকানাধীন একটি কাঁচাবাজার দখলে নিয়ে দুই শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। তবে বিএনপি নেতার দাবি, ৪০ বছর আগ থেকে এই জায়গা তিনি ভোগ দখলে ছিলেন। দুই বছর আগে ক্ষমতার বলে তার বিপক্ষের লোকজন কাঁচাবাজারের জায়গা দখল করে নিয়েছেন। এ বিষয়ে জাজিরা থানায় অভিযোগ করেছে একটি পক্ষ।

এদিকে অভিযোগ তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জাজিরা থানার ওসি।

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর আনন্দ বাজারের একপাশে ১০-১২ বছর আগে নিজেদের ভিটিতে একটি আধাপাকা কাঁচাবাজার গড়ে তোলেন ওই এলাকার ব্যবসায়ী মজিবর বানিয়া। বাজারটিতে প্রতি শনি ও মঙ্গলবার হাট বসে। সেখানে মাছসহ দুই শতাধিক কাঁচামালের দোকান বসে। প্রতি হাটে প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে খাজনা তুলতেন দোকান মালিক মজিবর বানিয়া। কিছুদিন আগে এক বিএনপি নেতার করা মারামারি মামলায় জেলে যান মজিবর বানিয়া। এ সুযোগে বিকেনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মাদবর দলবল নিয়ে কাঁচাবাজারটি দখল করেন বলে অভিযোগ ওঠে। এক সপ্তাহ ধরে বাজারটি অবৈধভাবে দখলে নিয়ে দুই শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা তুলছেন রাজ্জাক মাদবর ও তার লোকজন।

এ ঘটনায় মজিবর বানিয়ার ছেলে সামিউল ইসলাম বানিয়া জাজিরা থানায় লিখিত অভিযোগ করেন।

মজিবর বানিয়ার ছেলে সামিউল ইসলাম বানিয়া বলেন, ‘বাজার ও বাজারের পাশে আমার বাবা-চাচাদের ৬ একর ২৯ শতাংশ জমি রয়েছে। বাজারের একপাশে আমাদের ক্রয়কৃত ১৬ শতাংশ জমিতে আমার বাবা ১০-১২ বছর আগে আধাপাকা একটি কাঁচাবাজার নির্মাণ করেন। কিছুদিন আগে এক বিএনপি নেতার করা মারামারির মিথ্যা মামলায় আমার বাবা জেলে যান। এ সুযোগে আব্দুর রাজ্জাক মাদবর ও তার লোকজন অন্যায়ভাবে আমাদের কাঁচাবাজারসহ অনেক জমি দখল করে নেন। রাজ্জাক মাদবর সরকার পতনের আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। এখন তিনি বিএনপি নেতা বনে গেছেন। তারা এখন জোরপূর্বক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছেন। বাজারে খাজনা তুলতে গেলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

বাজারের ব্যবসায়ীরা জানান, কাঁচাবাজারটি কয়েক বছর আগে মজিবর বানিয়া নির্মাণ করেছেন। এতদিন ব্যবসায়ীরা মজিবর বানিয়াকেই খাজনা দিতেন। এখন রাজ্জাক মাদবরের লোকজন খাজনা তুলছেন।

তবে আব্দুর রাজ্জাক মাদবর নিজেকে জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, কাঁচাবাজারের এই জায়গা আমাদের। ৪০ বছর আগে থেকে এই জায়গা আমরা ভোগ দখলে ছিলাম। দেড়-দুই বছর আগে মজিবর বানিয়াগং ক্ষমতার বলে জোর করে আমাদের ১৬ বিঘা জমি দখল করে নেয়। এতদিন আমরা এলাকায় থাকতে পারিনি। ৫ আগস্টের পরে আমরা এলাকায় আসি এবং আমাদের কিছু জায়গা দখল করি। বাকি জায়গা এখনো আমরা দখল করতে পারিনি। আমাদের দলিলপত্র সবই আছে।