লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলা ও গুলিতে চার সাংবাদিক আহত

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলা ও গুলিতে চার সাংবাদিক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ ও আব্দুল মালেক নীরব।

এদিকে ঘটনার খবর পেয়ে গতকাল সোমবার সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বিকেলে দত্তপাড়া ডিগ্রি কলেজের পাশে গণেষ শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায়। তিনি জানান, আহত অবস্থায় চার সাংবাদিককে সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। একজনের শরীরে গুলির আঘাত রয়েছে।