যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’ গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে, সেগুলো খুবই আপত্তিকর। যার মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি হয়। তাই যারাই এ লিফলেট বিতরণ করছে তাদের গ্রেপ্তার করা হবে। এটা সরকারের কঠোর নির্দেশনা। ৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন প্রেস সচিব। তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে ৫ আগস্ট পর বিভিন্ন ঘটনায় ২৩ জন মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এ ছাড়া ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, সারা দেশে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ উপস্থিত ছিলেন।