বিপুল পরিমাণ ভ্যাকসিনসহ দুই ভারতীয় আটক

শুল্ক প্রদানের রশিদ বা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন  এবং ১১২ পাতা ভারতীয় ট্যাবলেটসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর এলাকায় তাদের বহনকারী সিএনজি থামিয়ে তাদের আটক করা হয়। আটক ভারতীয়রা আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশে এসেছিলে।  বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাদের আটক করে। 

আটকরা হলেন— পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার প্রদীপ দত্ত (৬০) ও  উত্তর ২৪ পরগনার  গৌতম দত্ত (৫৩)।

থানা সূত্রে জানা যায়, ভারতীয় ওষুধের শুল্ক প্রদানের কোনো রশিদ বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কর ফাঁকি দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে আনার দায়ে আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।