ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয়গুণে দর্শক হৃদয়ে অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন। তবে হঠাৎ করেই বছর পাঁচেক আগে আড়ালে চলে যান। প্রথমে অভিনেত্রীর আড়ালে যাওয়াটা স্বাভাবিক মনে করেছিলেন অনেকে। কিন্তু সময়ের সঙ্গে বিষয়টি রহস্যময় হতে শুরু করে। তার অন্তরালে যাওয়ার রহস্য উন্মোচন করতে গিয়ে প্রকাশ্যে আসে গোপনে বিয়ে, সংসার ও সন্তান আগমনের খবর।
সূত্র জানায়, ২০২১ সালের অক্টোবরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। বিয়ের পর এখন পুরোদমে সংসারী তিনি। ইন্ডাস্ট্রির কারও সঙ্গে যোগাযোগ নেই। স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন এ তারকা।
সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ছবিতে দেখা গেছে, সন্তানের জন্মদিন পালন করছেন পপি ও তার স্বামী। সন্তানের নাম রেখেছেন আয়াত। বয়স প্রায় চার বছর। আর তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা ও একটি গ্রুপ অব প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। তবে এ বিষয়ে পপির মন্তব্য জানা যায়নি।
এদিকে গত সোমবার অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন খুলনার সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখল নিতে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোনকে হুমকি দেন। আর স্থানীয়রা জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।
পপির পরিবারের দাবি, তাকে জোর করে বিয়ে করেছেন আদনান উদ্দিন কামাল। স্বামীর মন রাখতে নিজ পরিবারের সম্পত্তি দখলে নেমেছেন নায়িকা। বিয়ের পর পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে পপির।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।