চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরুষ জাতীয় দলের প্রথম নারী অপারেশন্স ম্যানেজার হিসেবে হিনা মুনাওয়ারকে নিয়োগ দিয়েছে। পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞ এই কর্মকর্তা নিরাপত্তা ও অপারেশন্সে দীর্ঘদিন কাজ করেছেন।
কাদের দায়িত্ব সামলাবেন হিনা? চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং তিন জাতির সিরিজে পাকিস্তান দলের সঙ্গে থাকবেন। বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করবেন। দলের অভ্যন্তরীণ অপারেশন ও ব্যবস্থাপনা দেখভাল করবেন
হিনা মুনাওয়ার সিভিল সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাকিস্তান পুলিশের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি সোয়াতের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে দায়িত্ব পালন করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে, পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ মিশনে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন।
পাকিস্তান পুলিশের কর্মকর্তা হওয়ায় হিনাকে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি ডেপুটেশনে বোর্ডে এনেছেন। তিনি মূলত পুরুষ দলের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও অপারেশনাল কাঠামো শক্তিশালী করতে কাজ করবেন। তবে প্রধান ম্যানেজারের দায়িত্বে থাকছেন বর্ষীয়ান আমলা নাভিদ আকরাম চীমা।
হিনা মুনাওয়ারের এই নিয়োগ পাকিস্তান ক্রিকেটে নারীর অংশগ্রহণের নতুন দিগন্ত খুলে দিয়েছে। পুরুষ জাতীয় দলের প্রথম নারী অপারেশন্স ম্যানেজার হিসেবে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।