বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই। সবাইকে একদিন বিদায় নিতে হবে। দিন শেষে একটা সময় কয়েক গজ কাপড়সহ মাটির নিচেই যেতে হবে।’
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড়ের আটোয়ারীর আলোয়াখোয়া ইউনিয়নের রাখলদেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিজ দাদা তজির উদ্দীনের জানাজায় এ কথা বলেন সারজিস। পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাদার দাফন কাজ সম্পন্ন হয়।
গত সোমবার দুপুর আড়াইটার সময় সারজিস আলমের দাদা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। দাদার জন্য দোয়া প্রার্থনা করে সারজিস বলেন, ‘দাদার এই জানাজাকে শুধু জানাজা না মনে করে একটি শিক্ষা মনে করি। আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে, কেউ মারা গেলে ৩ দিন, ১০ দিন বা ৪০ দিন পর একটি দোয়ার আয়োজন করা হয়। আমি এ বিষয়ে পরিবারের সবার সঙ্গে কথা বলে দেশের বড় বড় আলেমদের সঙ্গে যোগাযোগ করেছি।’
‘তারা বলেছেন, নবীর আমল থেকে এমন কোনো নিয়ম বা সংস্কৃতি ছিল না। এতে লাভের কোনো দিক নেই, তবে গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমাদের দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাই আমরা এমন কিছু করব না, যা ইসলামের রীতিনীতি ছিল না।’
সারজিস আরও বলেন, ‘আমরা এমন কিছু করবো না পরবর্তীতে তার (দাদার) কষ্টের বা গুনাহের কাজ হতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের ইউনিয়নে যতগুলো এতিমখানা রয়েছে এটা তাদের হক। আমরা পর্যায়ক্রমে সেই এতিমখানাগুলোতে দোয়ার ব্যবস্থা এবং তাদের খাওয়ার আয়োজন এতিমখানায় করব। বাড়িতে যেটা হয় সেটা আমরা করবো না।’
জানাজায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সারজিসের পরিবারের সদস্যসহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন।