আজ ক্রিশ্চিয়ানো রোনালদোর ৪০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকার দিয়েছেন সিআরসেভেন। সেই সাক্ষাৎকারে প্রথমে এসেছিল এমবাপ্পেকে নিয়ে রোনালদো যা বলেছেন সেটুকু। এবার পুরো সাক্ষাৎকার সামনে আসার পর তা আরও আলোড়ন তৈরি করেছে। সাক্ষাৎকারে নিজেকে জীবিতদের মধ্যে সেরা ফুটবলার ঘোষণা করেছেন রোনালদো। স্প্যানিশ সাংবাদিক এদু আদুইরিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর নিজেকে সেরা বলার অংশটি প্রচার হয় সোমবার রাতে।
পেলে ও ম্যারাডোনা জীবিত নেই। সর্বকালের সেরা বিতর্ক এলে এই দুজনের সঙ্গে আসে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও। তবে রোনালদো বলেন, ‘আমি মনে করি জীবিত খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত আমিই সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। আমি ফুটবলের সবকিছুই করি। আমি ভালো হেড নিতে পারি, ভালো ফ্রি কিক নিতে পারি, ডান ও বাম পা দিয়ে ভালো শট নিই। আমি ক্ষীপ্র ও শক্তিশালী, ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ নয় বলাটা মিথ্যা। আমিই সেরা, সংখ্যা ভুল বলছে না।’
সোমবার রাতে চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে আল ওয়াসল-এর বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। তাতে বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বাধিক ৯২৩ গোল হলো রোনালদোর। রোনালদো বলেন, ‘স্কোরার শব্দের অর্থ কী? যিনি বলটাকে গোলপোস্টে পাঠাতে পারেন- তিনিই স্কোরার। ইতিহাসের সেরা স্কোরার কে? সংখ্যাটাই বা কত? আমি বিশ্বাস করি, আমিই পরিপূর্ণ একজন খেলোয়াড়। আপনি মেসি, পেলে বা ম্যারাডোনাকে বেশি পছন্দ করতেই পারেন। আমি অবশ্যই এটাকে সম্মান করি। কিন্তু ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ ফুটবলার নয় এটা বললে মিথ্যা বলা হবে।’
রোনালদোকে একপর্যায়ে এদু আদুইরি প্রশ্ন করেন- তিনি কি ইতিহাসের সেরা খেলোয়াড়? এর জবাবে পর্তুগিজ মহাতারকা বলেন, ‘আমারও তাই মনে হয়। সত্যি বলতে, আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। কথাটা আপনাকে আমি হৃদয় থেকেই বললাম।’
মেসির সঙ্গে সম্পর্ক কেমন সেই প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, ‘কখনোই খারাপ সম্পর্ক ছিল না। ১৫ বছর ধরে একই মঞ্চ (পুরস্কার) ভাগাভাগি করেছি। আমার একটি বিষয় এখনো মনে আছে, ইংরেজিতে (মেসিকে) তাকে কী বলা হয়েছে আমি অনুবাদ করে দিয়েছিলাম। একটি সংস্থায় হয়েছিল এমনটি। সে খুবই মজার মানুষ। সব সময় আমার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে। একজন আরেকজনে ছাপিয়ে যাওয়া স্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে। এমনটা আর ভবিষ্যতে হবে কি না আমার সন্দেহ।’
এল ক্লাসিকো অর্থাৎ রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচে বাড়তি চাপ অনুভব করার কথা অনেক খেলোয়াড়ই জানিয়েছেন। তবে রোনালদোর কাছে বিষয়টি সাধারণই মনে হয়েছে। তিনি বলেন, ‘মানুষ বলে মাদ্রিদ-বার্সেলোনা মানে বাড়তি কিছু। আমরা এক সপ্তাহ (ম্যাচ) এটি নিয়ে চিন্তা করতাম। সমর্থক, নানা চ্যানেল এটা নিয়ে কথা বলত। অবশ্যই কথার মধ্যে থাকত মাদ্রিদ-বার্সেলোনা, ক্রিশ্চিয়ানো-মেসি। তবে পিকে ও রামোসের নামটাও থাকত। তবে অবশ্যই ক্রিশ্চিয়ানো-মেসি নিয়ে বেশি কথা হতো। যা ছিল একটি সুন্দর প্রতিযোগিতামূলক দ্বৈরথ।’
৯০০ গোলের কাছাকাছি সময়ে নিজের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, তিনি ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান। এটি নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নে রোনালদোর উত্তর, ‘এক হাজার গোলের বিষয়টি নিয়ে আমি এখন একটু ক্লান্ত। মনে হচ্ছে আমার আগের গোলের কৃতিত্ব মূল্যায়ন করা হচ্ছে না। বিষয়টি প্রকৃতিগতভাবেই হোক। আমি ৯২০, ৯২৫ না ৯৩০ গোল করলাম সেটি আমার কাছে বিষয় না। আমিই ফুটবল ইতিহাসের সেরা। পরিসংখ্যানই বলে দেয়। আমি জানি না এটা (১ হাজার গোল) হবে কি না। বেশি দূরের চিন্তা করি না, বর্তমান নিয়ে ভাবি।’
রোনালদো অবসর না নিয়ে আরও বেশ কয়েক বছর খেলুক সেটিই চাইবেন তার ভক্তরা। ফিটনেস ভালো তার। তবু একটা সময় তো থামতে হবে। এ বিষয়ে সিআরসেভেন বলেন, ‘ইতিহাস লেখা হয়ে গেছে। আমি যদি আজ অবসর নিই, সেটি নিয়ে আমার কোনো আফসোস থাকবে না। তবে আমি ভালোই করছি, এখনো পার্থক্য গড়ে দিচ্ছি (ম্যাচে)। আর এই বিষয়টি আমাকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। আমি জীবনের এমন এক পর্যায়ে আছি যেখানে শুধু বর্তমানটা উপভোগ করছি।’
অবসরের পর রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদের কোচ হবেন, এমন ভাবনা হয়তো ভেবে রেখেছেন অনেকেই। তবে এবার রোনালদো নিজেই জানিয়েছেন তার কোচ হওয়ার কোনো ইচ্ছে নেই তবে হতে পারেন ফুটবল ক্লাবের মালিক। ‘আমি কোচ হতে চাই না। এটা কঠিন, বলতে গেলে অসম্ভব। আমার জীবন জুড়ে ফুটবল তবে কোচ হওয়াটা কঠিন। আমি মনে করি আমার ব্যক্তিত্ব কোচের সঙ্গে যায় না। তার চেয়ে ক্লাবের মালিক হওয়াটা বেশি মানায়, আমি এটিকে (ক্লাবের মালিক) এখনই না করছি না। এটি ভালো ব্যবসা হতে পারে। তবে স্পোর্টিং ডিরেক্টর বা কোচ না।’
রোনালদো তার সাক্ষাৎকারে আবারও বলেছেন, ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল।