পিপিপির সঙ্গে রয়্যাল ড্যানিশ এম্বাসি ও মায়েরস্কের আলোচনা

বাংলাদেশ সরকারের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্র্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রয়্যাল ড্যানিশ এম্বাসি ও মায়েরস্কের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার (ক্রিস), এপিএম টার্মিনালসের ইনভেস্টমেন্ট প্রধান পিটার বাস ব্রেডিয়াস এবং মায়েরস্কের কান্ট্রি ম্যানেজার নিখিল ডি’লিমা। উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে সরকার-থেকে-সরকার (জি২জি) ভিত্তিতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতার প্রতিফলন। বিশেষ করে পিপিপি মডেল অনুযায়ী লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা গুরুত্ব পায়। প্রতিনিধিদল উল্লেখ করে যে, কিছু প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে এ প্রকল্পের কাজ আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে পিপিপি কর্র্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম আশ্বস্ত করেন যে, সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয়গুলো দ্রুত সমাধানে তার দপ্তর সর্বোচ্চ সহযোগিতা করবে। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রকল্পগুলোর কার্যক্রম আরও ত্বরান্বিত করার জন্য তিনি সচেষ্ট থাকবেন।

বৈঠকের শেষ পর্যায়ে পিপিপি কর্র্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে পিপিপির ভূমিকা আরও সুদৃঢ় হলো। বিজ্ঞপ্তি