২০২৬ সালের দুই পর্বের ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরায়ী নেজাম তাবলীগ জামাত বাংলাদেশের আয়োজনে প্রথম পর্বের আখেরি মোনাজাতের পরপরই ইজতেমার বয়ান মঞ্চ থেকে ২০২৬ সালের দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়।
ঘোষণা মতে আগামী ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপ এবং ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) গাজীপুরে টঙ্গীর তুরাগ পাড়ে মুসলিম উম্মাহর বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৬ দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, দেশ ও বিশ্ব মানবতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়েছে। এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি দু-হাত তুলে আকুতি জানিয়েছেন। কান্নায় ভেঙে পড়েন অনেকে ।
আখেরি মোনাজাতে অংশ নিতে বুধবার সকালে দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা ইজতেমা ময়দানের উদ্দেশে আসেন। ইজতেমা এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল।